গোয়ালন্দে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ৩০৩ বার পঠিত

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
“হিমহিম শীতের বাতাস, উষ্ণতা ছড়ায় পিঠা-পুলির সুবাস”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে পিঠা উৎসব পালিত হয়েছে ।
শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আয়নাল মোল্লার পাড়ায় রাজু হাসান স্পোকেন ইংলিশ কোচিং সেন্টার এ আয়োজন করে।
স্হানীয় মির্জান ফকিরের ছেলে
রাজু হাসান। তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজে ইংরেজি চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত। নিজের পড়ালেখার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে নিজের এলাকার শিক্ষার্থীদের বিনামুল্যে ইংরেজি শিক্ষা দিয়ে আসছেন।
আলাপকালে রাজু বলেন, তার কোচিং সেন্টারে অনেক অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থী রয়েছে। তাদের এবং গ্রামের অন্যান্য দরিদ্র শিক্ষার্থীদের সাথে শীতের পিঠার স্বাদ গ্রহন এবং এ উৎসবের সাথে তাদেরকে পরিচিত করতে তিনি এ আয়োজন করেন।
উৎসবে শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি, পিঠা তৈরির প্রতিযোগীতা , বিস্কুট দৌড়, হাড়ি ভাঙ্গা, মিউজিক্যাল বল বদল , নৃত্য এবং যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা। বিশেষ অতিথি ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য ফজলুল হক বেপারী, জামাল মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ডাঃ মতিয়ার রহমান, নান্নু শেখ, দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারি শিক্ষক মো. জুয়েল রানা প্রমুখ।
























