আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
- আপডেট সময় : ০৯:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৩১ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিনিকনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস,সভাপতি আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সরোয়ার এবং পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি, তাৎপর্য এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দিবসটির ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সমুন্নত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা তাঁদের মতামত ও বক্তব্য দেন।



















