খাগড়াছড়ি মাটিরাঙ্গাতে যানবাহন ভাঙচুর: বিএনপির ৮ নেতা-কর্মী আটক
- আপডেট সময় : ১০:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ২৭৯ বার পঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যানবাহন ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে বিএনপির আট কর্মীকে আটক করেছে পুলিশ।
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের আগের রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটকের পর সন্ধ্যায় আদালতে পাঠানো হয়েছে বলে মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান।
আটকরা হলেন- মো. শরীফ হোসেন, রমজান আলী, মো. সাদ্দাম হোসেন, শিহাব উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. মোস্তফা কামাল, মো. হানিফুল ইসলাম এবং মো. মনির হোসেন।
ওসি কমল কৃষ্ণ ধর বলেন, বিএনপির ডাকা অবরোধ চলাকালে বুধবার রাতে উপজেলার যৌথখামার এলাকায় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এতে এক নারী যাত্রী আহত হন। ঘটনার পর থেকে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে; যারা বিএনপির কর্মী বলে জানান তিনি। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু লাঠি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ভাঙচুরে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান ওসি কমল কৃষ্ণ ধর।
























