রাজবাড়ীতে মামলা না তুলায় ৫ বাড়িতে আগুন-লুটপাট
- আপডেট সময় : ০৯:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৭৯৭ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর গ্রামে মামলা প্রত্যাহার না করায় পাঁচটি বাড়ি ঘরে আগুন, ভাংচুর, মারপিট ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদর থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী সাজাহান মোল্লা।
এজাহারে বলা হয়, চলতি বছরের মার্চ মাসে সাজাহান মোল্লা ও তার পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়। ওই মামলা প্রত্যাহারে চাপ দেওয়া হলে অস্বীকৃতি জানানোর কারণে গত ২৮ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসীরা সাজাহান মোল্লাসহ তার চাচা সাহেব আলী মোল্লা, রহম প্রামানিক, জামাত আলী মোল্লা ও উজ্জল মোল্লার বাড়িতে হামলা চালায়।
অভিযোগে জানা যায়, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ঘরে হামলা চালিয়ে আগুন দেয়, আসবাবপত্র ভাঙচুর করে, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে এবং পরিবারের সদস্যদের মারধর করে গুরুতর আহত করে। বাদীর ঘর থেকে নগদ পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
হামলার সময় প্রতিরোধ করতে গেলে মানিক মোল্লা নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে গুরুতর জখম হন। পরে আহতদের ফরিদপুর ও রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগীরা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এজাহার দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


















