বর্তমান সরকার জাতিকে চরম সংঘাতের পথে ঠেলে দিচ্ছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৪:১৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ২৫৯ বার পঠিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার কেবলমাত্র একটি অবৈধ সরকারই নয় বরং তারা দখলদার সরকারের ভূমিকা পালনের মাধ্যমে দেশে রাজতন্ত্র কায়েম করতে চায়। তারা জাতিকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তাই এখন সকলের একটাই মত, এ সরকারকে সরাতে হবে। তাদের সরানো ছাড়া আর কোনো বিকল্প নেই।
’মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাকার গুলশানে লেক শোর হোটেলে ‘ডিজিটাল নিরাপত্তা আইন,গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামো’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের অর্থনৈতিক ও স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে। বিচার বিভাগের বিচার পাওয়া এখন একটা ভাগ্যের ব্যাপার।’
তিনি বলেন, ‘এখন পরিস্থিতি খুব ভয়াবহ। আমাদের গণতন্ত্রকামী জাতিকে একটি ভয়াবহ সংঘাতের দিকে ফেলে দেওয়া হচ্ছে। কীভাবে নাগরিককে ভয়ভীতি দেখিয়ে দাস করে রাখা যায়; তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বাংলাদেশে।’
বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদের পরিচালনায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ, আবদুল্লাহ আল নোমান, শাজাহান ওমর, বরকত উল্লা বুলু, অ্যাডভোকেট আহমেদ আযম খান, উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিজন কান্তি সরকার, অ্যাডভোকেট সুকমল বড়ুয়া, ক্যাপ্টেন সৈয়দ সুজা উদ্দিন প্রমুখ।
অন্য দলের নেতাদের মধ্যে অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ উপস্থিত ছিলেন।




















