প্যান্ডেল প্রস্তুত, বিয়ের প্রস্তুতি সম্পন্ন, বিয়ের পিড়িতে বসা হলো না দুই ভাইয়ের
- আপডেট সময় : ০৪:০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ২২১ বার পঠিত

একসঙ্গে দুই ভাইয়ের বিয়ের জন্য বাড়িতে বিয়ের গেট, প্যান্ডেল ও আলোকসজ্জা করা হয়েছে।
বৃহস্পতিবার মেজ ভাই শামীম আর শুক্রবার ছোট ভাই সুমনের বিয়ে।
শনিবার একসঙ্গে হওয়ার কথা ছিল তাদের বৌভাত অনুষ্ঠান। দুই ভায়ের বিয়ে উপলক্ষ্যে ময়মনসিংহ থেকে ফিরছিলেন বড় ভাই মমিন। মধ্যরাতে ছোট ভাই সুমন তাকে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে আনতে যায় মোটরসাইকেলে।
কিন্তু ফেরার পথে বুধবার রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় মাটিবাহী একটি ট্রাকের চাপায় বড় ভাই মনিরুল ইসলাম মমিন ঘটনাস্হলে এবং ছোট ভাই সাইফুল ইসলাম সুমন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত হন।
নিহত দুই ভাইয়ের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামে।
নিহতের ফুফাতো ভাই বিল্লাল শেখ বলেন, দুই ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে বাড়িতে আত্মীয়-স্বজনদের ভিড় রয়েছে। বিয়ের সব আয়োজন শেষ। বৃহস্পতিবার মমিনের আর শুক্রবার সুমনের বিয়ে। শনিবার বৌভাত অনুষ্ঠান। কিন্তু ঘাতক ট্রাক সব শেষ করে দিয়েছে। বিয়ে বাড়ি শোকের বাড়িতে পরিণত হয়েছে।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত ওই দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ও সংশ্লিষ্ট ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে যেতে সক্ষম হন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


















