দফা-দাবি একটাই কুমিল্লা নামেই বিভাগ চাই — উত্তাল চৌদ্দগ্রাম
- আপডেট সময় : ০৬:৫৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ১৮৮ বার পঠিত

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা। “দফা-দাবি একটাই, কুমিল্লা নামেই বিভাগ চাই”— এই স্লোগানে শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসমাবেশ।চৌদ্দগ্রাম উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের ব্যানারে আয়োজিত এই সমাবেশে অংশ নেয় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ।
সমাবেশে সভাপতিত্ব করেন কাজী এনাম ফাউন্ডেশনের সভাপতি কাজী এনাম, এবং সঞ্চালনা করেন ফোরামের সদস্য মোহাম্মদ নয়ন। বক্তব্য দেন সংগঠনের অন্যান্য সদস্য মূসা ইবনে মালেক ও মোশারফ হোসেন।
বক্তারা বলেন, “কুমিল্লা বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহাসিক নগরী। এখানে মাটি খুঁড়লেই হাজার বছরের সভ্যতার ইতিহাস মেলে। শিক্ষা, সংস্কৃতি, প্রশাসন, অর্থনীতি— সব দিক থেকেই কুমিল্লা এগিয়ে। অথচ এ জেলার নামে বিভাগ ঘোষণা না করা চরম অন্যায় ও কুমিল্লাবাসীর প্রতি অবিচার।”
তারা আরও বলেন, “কুমিল্লা বিভাগ বাস্তবায়ন আমাদের ন্যায্য অধিকার। যেসব জেলা কুমিল্লা বিভাগের সঙ্গে থাকতে চায় না, তাদের বাদ রেখেও ‘কুমিল্লা বিভাগ’ ঘোষণা করা সম্ভব। এই বিভাগ কুমিল্লার মর্যাদা, ঐতিহ্য ও ইতিহাসের প্রতিফলন।”
সভাপতির বক্তব্যে কাজী এনাম ফাউন্ডেশনের সভাপতি কাজী এনাম বলেন, “আমরা উন্নয়নের রাজনীতি চাই, বঞ্চনার নয়। কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য ও গৌরবকে ধরে রাখতেই আমরা কুমিল্লা নামেই বিভাগ চাই। এই দাবি কুমিল্লাবাসীর আত্মসম্মানের দাবি।”
এদিকে, ফোরামের সদস্য মোহাম্মদ নয়ন বলেন, “এই আন্দোলন কারও বিরুদ্ধে নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। প্রশাসনিক সুবিধা, উন্নয়ন ও মর্যাদার স্বার্থে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতেই হবে। যতদিন দাবি পূরণ না হবে, ততদিন আমরা রাজপথে থাকব।”
সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালিটি ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে দোয়েল চত্বর ও লাকসাম রোড ঘুরে পুনরায় ঈদগাহে এসে শেষ হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, সরকার জনগণের ন্যায্য দাবি মেনে দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়নের ঘোষণা দেবে— যাতে কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ণ থাকে।




















