চৌদ্দগ্রামে জন্মাষ্টমী উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা
- আপডেট সময় : ০৬:১৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ১৭৬ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা ও পৌর জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি চৌদ্দগ্রাম পৌর এলাকার লাকসাম রোড মহাশ্মশান কালীমন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা পদক্ষিণ করে। এতে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী অংশ নেন।
মহাশ্মশান কালীমন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বাবু রুপম সেন গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা, পৌর বিএনপির আহ্বায়ক জিএম তাহের পলাশী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম চুট্টু, সদস্য সচিব শরিফুল ইসলাম দুলালসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া বিপ্লব চৌধুরী, নান্টু চন্দ্র দেবনাথ, নরেশ বণিক, দুলাল বণিক, শংকর মজুমদার, সঞ্জয় সাহা, তাপস চৌধুরী, আশিষ কুমার সিংহ, লিটন সাহা, অনিল বণিক, আপন সাহা ও লিটন দাসসহ আরও অনেকে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ জন্মাষ্টমী শোভাযাত্রা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।




















