গোয়ালন্দে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ ৪৪২ বার পঠিত

“সোনালী অতীত ফিরিয়ে আনতে, এসো খেলি একসাথে” প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে সোনালী অতীত খেলোয়াড়দের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) সকালে গোয়ালন্দ ফুটবল একাডেমী’র বাস্তবায়নে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের আয়োজনে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রীতি ম্যাচে গোয়ালন্দ উপজেলার সাবেক খেলোয়াড় “মোহামেডান সমর্থক ও আবাহনী সমর্থক, গোয়ালন্দ নামে দুদলে বিভক্ত হয়ে তরুণদের খেলায় উজ্জীবিত করতে খেলায় অংশ নেন। খেলায় প্রথমে আবাহনী সমর্থক, গোয়ালন্দ টসে জয় লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ১৪ ওভার ১ বলে সবকয়টি উইকেট হারিয়ে ৮৫ রান করতে সমর্থ হয়। ৮৬ রানের লক্ষমাত্রা নিয়ে মোহামেডান সমর্থক, গোয়ালন্দ ১০.৩ বলে ৫ উইকেটের বিনিময়ে জয়লাভ করে। বিজয়ী দলের সুলতান ফকির সর্বোচ্চ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
প্রীতি ক্রিকেট ম্যাচে সোনালী অতীতের সাবেক ক্রিকেটার হিসাবে খেলায় অংশ নেন গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের অধিনায়ক আরিফুল হাসান নারু, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের আহবায়ক মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সহ-সভাপতি ও সোনালী অতীত ক্লাবের সদস্য সচিব মো. ফারুক হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি মো. ফারুক মোল্লা, সদস্য মো. রুহুল আমীন, সাংবাদিক ও সাবেক খেলোয়াড় মো. কামাল হোসাইন, সুলতান ফকির, মো. সাইদ মোল্লা, মো. শহিদুল ইসলাম, মো. বাবর আলী, মজিবর শেখ, মো. বাহাদুর খান, ইমান আলী, মাসুম গাজী, ব্যাংকার সফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, উদীয়মান খেলোয়াড় কাঞ্চন কুমার, সাইফুল ইসলাম প্রমুখ।
প্রীতি ক্রিকেট ম্যাচ সম্পর্কে গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও সোনালী অতীত ক্লাবের আহবায়ক মো. সাজ্জাদ হোসেন বলেন, গোয়ালন্দে যেসকল সাবেক খেলোয়াড় রয়েছেন তাদের একই পতাকা তলে এনে সপ্তাহের একটি দিন অন্তত ফুটবল অথবা ক্রিকেট খেলার আয়োজন করা এবং উপজেলার প্রতিটি মাঠে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই এমন আয়োজন।


















