কয়রায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালি ও সংলাপ,সুপেয় পানির সংকট নিরসনে ২১ দফা দাবি
- আপডেট সময় : ১১:২৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৮৩ বার পঠিত

দূর্যোগপ্রবণ খুলনার কয়রা উপজেলায় বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় অঞ্চলে দিন দিন তীব্র হয়ে ওঠা সুপেয় পানির সংকট নিরসনে করণীয় নির্ধারণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টায় কয়রা সদরে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা ক্লাইমেট একশন ফোরামের সভাপতি মো. রাসেল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ।
বেসরকারি উন্নয়ন সংস্থা লির্ডাসের সহযোগিতায় উপজেলা ক্লাইমেট একশন ফোরাম এ সংলাপের আয়োজন করে। ফোরামের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, কয়রা থানার এসআই মো. তারিক মাহমুদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আকরাম হোসেন, লির্ডাসের ন্যাশনাল অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর শাকিল আহমেদ, অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী, সমাজসেবক মো. আনোয়ার হোসেন, ইউপি সদস্য আবু হাসান, ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, কমিউনিটি মোবিলাইজার সঞ্জয় বাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংলাপে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কয়রাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। এ পরিস্থিতি মোকাবিলায় পানি ব্যবহারে সংযমী হওয়া এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
তারা আরও বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর ও খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসনে অকেজো স্লুইসগেট সংস্কার এবং লবণাক্ততা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের আহ্বান জানান বক্তারা।
আলোচনা শেষে উপজেলা ক্লাইমেট একশন ফোরাম ও লির্ডাসের উদ্যোগে সংসদ সদস্যের কাছে ২১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়।




















