আলফাডাঙ্গায় বিএনপির সাবেক তিন নেতার বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৮:৩৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ১৬৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, সাবেক যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সুজাকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় আলফাডাঙ্গা উপজেলা সদরে বিএনপির একাংশের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দলীয় শৃঙ্খলার অজুহাতে যে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, অগণতান্ত্রিক এবং তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে করা হয়েছে। দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকারকারী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের এভাবে বহিষ্কার করা দুঃখজনক ও হতাশাজনক।
বক্তারা আরও বলেন, খোশবুর রহমান খোকন, রেজাউল করিম ও সিরাজুল ইসলাম সুজা দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সুনির্দিষ্ট ভিত্তি নেই। এ ধরনের সিদ্ধান্ত দলীয় ঐক্য ক্ষুণ্ন করবে এবং সাংগঠনিক দুর্বলতা সৃষ্টি করবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করে বিষয়টি পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দল পরিচালনার দাবি জানান বক্তারা।
এ সময় আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন বলেন, “আমার সভাপতিত্বে কার্যালয়ে একটি সভা চলাকালীন সময়ে আলফাডাঙ্গারই সন্তান জাহাজ মার্কার প্রার্থী আরিফুর রহমান দোলন হঠাৎ করে আমাদের অফিসে এসে কুশল বিনিময় করেন। এ সময় কে বা কারা ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই তিনজনকে বহিষ্কারের চিঠি দেন।”
তিনি আরও বলেন, “আমাদের বহিষ্কার করার এখতিয়ার জেলা কমিটির নয়। কেন্দ্রীয় কমিটিই কেবল এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে।”




















