আলফাডাঙ্গায় বিএনপির তিন নেতা বহিষ্কার
- আপডেট সময় : ০৫:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ১৭৩ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন— আলফাডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি খুশবুর রহমান খোকন, রেজাউল করিম রেজা এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত ২৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। একই সঙ্গে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন জানান, দলীয় শৃঙ্খলাবিরোধী অভিযোগের সত্যতা পাওয়ায় তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।




















