ভাঙ্গায় বেহাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ১০:১৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৩০৩ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা সড়কের হরিরহাট পর্যন্ত অংশের বেহাল অবস্থার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
গতকাল রবিবার (১৩ জুলাই) বিকেলে আলগী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে হরিরহাট সড়কের রেল সেতু সংলগ্ন স্থানে কয়েক শত নারী-পুরুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। একই সঙ্গে ইউএনও ও সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. ছিদ্দিক মিয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক মাহবুব খান, কবির হোসেন মিয়া, বাবুল মাতব্বর, সাহেদ খন্দকার, জিন্নাত আলী ও বাকি মাতুব্বর প্রমুখ।
বক্তারা বলেন, সড়কটির বিভিন্ন স্থানে বড় গর্ত তৈরি হয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন শত শত অটো ও ভ্যান ঝুঁকি নিয়ে চলাচল করছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কোমলমতি স্কুল শিক্ষার্থী, বৃদ্ধ এবং গর্ভবতী নারীদের।
তারা দ্রুত সড়কটির সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলার জোর দাবি জানান।
























