নাগেশ্বরীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপর অতর্কিত হামলা
- আপডেট সময় : ০৭:৪৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১৪১ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর এলাকায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে, নৃশংস হামলার শিকার হয়েছে একই পরিবারের স্বামী স্ত্রী ও শিশুসহ তিনজন। হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারটি নাগেশ্বরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, নাগেশ্বরী উপজেলাধীন ভবানীপুর এলাকার মৃত ছফর উদ্দিনের পুত্র অবসর প্রাপ্ত সার্জেন্ট মোঃ হাবিবুর রহমান তারই পার্শ্ববর্তী গুঞ্জাবাড়ী এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র শহিদুল ইসলাম ও তার স্ত্রীর উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে এবং গরম পানি নিক্ষেপ করে। এতে এতে শহিদুলের হাত ও মাথায় চোট লেগে রক্তাক্ত হয়। পাশাপাশি তাদের ছড়ানো গরম পানি হাত দিয়ে আটকাতে গেলে শহিদুলের স্ত্রীর হাতটা অনেকখানি ঝলসে যায়। প্রতিপক্ষের ছুঁড়ানো গরম পানি উল্টো তাদেরই গায়ে লেগে তারাও আহত হয়।
ভুক্তভোগী মৃত আব্দুল জব্বারের পুত্র শহিদুল ইসলাম আরো বলেন, এস এ দাগ নং ৬৯ এই দাগে জমি বেচার কথা ছিল, কিন্তু ওরা ওই দাগ নং না তুলে, এস এ ২৭৮ ও ২৭৯ দাগ তুলে নেয়। শহিদুল ইসলামের পুত্র ফখরুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাবিবুর রহমান ও তার পরিবারের লোকজনের পেশী শক্তির বলে, আমাদের উপর সমস্ত অন্যায় কার্যক্রম চালিয়ে আসছিল। তিনি আরো বলেন, আমার মা-বাবার উপর অতর্কিত হামলাকারীরা হলো, অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাবিবুর রহমান ছাড়াও রাসেল,সোহেল, ফারুক এবং তার মেয়ে হ্যাপি।
ভুক্তভোগী অসহায় পরিবারের সাদিয়া ফারহানা মনের দুঃখে সোশ্যাল মিডিয়ায় লেখেন আমি এবং আমার মা-বাবা খুবই অসুস্থ। হামলাকারীরা যে কোনো সময় আবারও হামলা করতে পারে। এদিকে অসহায় ভুক্তভোগী পরিবারটা হাসপাতালে অবস্থান করায়, তাদের বাড়িতে টিনের চেকার ভেঙ্গে ঘরের বেশ কিছু মালামাল সরিয়ে ফেলার আলামত পাওয়া গেছে।
হামলাকারীদের অতি দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী অসহায় পরিবারটি।


















