ডুমুরিয়ায় মহিলা মেম্বারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
- আপডেট সময় : ০৪:৫৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ১৮৮ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়ন পরিষদের (সংরক্ষিত ৪,৫,৬,নং ওয়ার্ডের) মহিলা ইউপি সদস্য রাশিদা বেগমের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ উঠেছে।
গত ২৬ সেপ্টেম্বর উপজেলার ৪নং খর্ণিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার হোসেন বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে,খর্ণিয়া ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর (রাশিদা বেগম) নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন রকমের অনিয়ম করে আসছেন। উল্লেখ্য গত জুন-জুলাই-২৩ মাসে এলজিএসপি ২য় কিস্তি হতদরিদ্র মহিলাদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ প্রকল্পের সভাপতি রাশিদা বেগম ২টি সেলাই মেশিন বরাদ্দ পায়। যা ভদ্রদিয়া গ্রামের (১) ফারহানা বেগম, স্বামী- আঃ রহমান গাজী (মহিলা মেম্বরের আপন বৌমা) নিজ পরিবারেই বিতরণ করেন। অন্যটি একই গ্রামের (২) স্মৃতি রানী রায়, স্বামী- অনুবির মল্লিকের তালিকায় নাম থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত সেলাই মেশিন না দিয়ে তিনি আত্মসাৎ করেছেন। এবং ১% থেকে ৭০ হাজার টাকা বরাদ্দ পেয়ে ভদ্রদিয়া গ্রামের পুরুষ মেম্বরের কাছে ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার) টাকা নগদ অর্থের বিনিময়ে উক্ত কাজটি বিক্রয় করেছেন বলে অভিযোগ আছে।
বর্তমান চলমান প্রকল্প কাবিখা ২০২৩-২৪ মহিলা মেম্বরদের অংশের ২টন গম ও ২টন চাউল বরাদ্দ পেয়ে পরিষদের ৩জন সংরক্ষিত মহিলা মেম্বর ২ টি প্রকল্প হাতে নেয়। সেই ২টি প্রকল্পের কাজই মেছাঘোনা (ওয়ার্ড নং-০৯) মহিলা মেম্বর আলেয়া বেগমের নিকট ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রয় করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। নির্বাচিত হওয়ার পর থেকে রাশিদা বেগমের কর্মকান্ডে বিরক্ত ৬নং ওয়ার্ডের সাধারন মানুষ। সরেজমিনে গিয়ে জানা যায় মেম্বর রাশিদা বেগম গোনালী ০৬নং ওয়ার্ডে এই পর্যন্ত কোন ধরণের অবকাঠামো উন্নয়নের কাজ করেননি। এছাড়ও বিভিন্ন ধরনের সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এমন অনিয়মের তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দোষীকে আইনের আওতায় আনার দাবিতে গ্রামের সাধারণ মানুষের পক্ষে অভিযোগটি করেছেন বলে ইউপি সদস্য মোক্তার হোসেন জানান।
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


















