জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সুন্দরবনের পাশে এবার নতুন ‘ম্যানগ্রোভ গ্রাম’
- আপডেট সময় : ০২:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ১২১ বার পঠিত

সৈকত মন্ডল,বাগেরহাট:
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সুন্দরবনের পাশে উদ্বোধন করা হয়েছে নতুন ‘ম্যানগ্রোভ গ্রাম’। মোংলা উপজেলার লবন সহিষ্ণু এলাকা চিলা ইউনিয়নে বৃহস্পতিবার বেলা ১১টায় এই ম্যানগ্রোভ বনের উদ্বোধন করা হয়।
জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে এই সবুজ নবায়নের কার্যক্রম শুরু করা। এই কার্যক্রমে সুন্দরবন উপকূলীয় এলাকায় গ্রায় ২০ হাজার বাসিন্দাদের কেওড়া, গোলপাতা, কদবেল, সফেদা ও নারিকেল গাছ বিতারণ করে ব্র্যাক। উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও জলবায়ু পরিবর্তন কর্মসূচির প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খান উপকূলীয় এসব মানুষের মাঝে এ ম্যানগ্রোভ চারা তুলে দেন।
এ উদ্যোগের আওতায় বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের প্রত্যেক গ্রামে গোলপাতা ও কেওড়া গাছ রোপন করা হবে। তবে ম্যানগ্রোভ বনের বড় অবদানটি অন্য জায়গায়। এটি চলমান বৈশ্বিক ইস্যু জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাহায্য করে। বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধির ফলে ঘটছে জলবায়ু পরিবর্তন। আর এই কার্বন-ডাই-অক্সাইড শোষনের ক্ষমতা সাধারণ গাছের তুলনায় ম্যানগ্রোভ বনের গাছের ক্ষমতা চারগুণ বেশি। তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ম্যানগ্রোভ বনায়নকে অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয় বলে জানায় ব্র্যাকের কর্মকর্তারা।
এর আগে গত ২৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চার দিন ধরে স্থানীয়দের নিয়ে গঠিত ক্লাইমেট অ্যাকশন গ্রুপকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দক্ষ করতে প্রশিক্ষন দেওয়া হয় তাদের।




















