আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
- আপডেট সময় : ০৫:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ বার পঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় শুরু হয়েছে ‘নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’।
উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ সাংস্কৃতিক প্রতিযোগিতা চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে প্রতিদিন বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
‘চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল’—জাতীয় কবির কালজয়ী এই পঙ্ক্তিকে ধারণ করে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়েছে। নজরুলের সাহিত্য,সংগীত ও মানবতাবাদী দর্শনের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ আয়োজনের বিভিন্ন পর্বে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। প্রতিযোগিতা ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি ও আদর্শ তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















