গোয়ালন্দে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত, গুণী শিক্ষকদের সম্মাননা
- আপডেট সময় : ০৯:৪০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৬০ বার পঠিত

“শিক্ষকের কণ্ঠে জ্ঞানের আলো, গড়বে আগামীর দেশ”—এমন প্রত্যয় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজের প্রধান এবং শিক্ষকরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাইফুল হুদা বলেন, “শিক্ষকরাই উন্নত জাতি গঠনের প্রধান কারিগর। মেধাভিত্তিক, নৈতিক ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে তাঁদের ভূমিকা অপরিসীম। গুণী শিক্ষকদের সম্মাননা জানানো একটি সময়োপযোগী উদ্যোগ।”
সভাপতির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকরা নিরলসভাবে কাজ করছেন। গোয়ালন্দের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
আলোচনা সভা শেষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় উপজেলার নির্বাচিত গুণী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে শিক্ষকরা বলেন, একজন ভালো শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; তিনি একজন শিক্ষার্থীর স্বপ্ন, মূল্যবোধ ও ভবিষ্যৎ গড়ার অন্যতম কারিগর। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।














