আলফাডাঙ্গায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ ৩৮ লাখ টাকার মালামাল লুট
- আপডেট সময় : ০৫:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১০০ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাড়ির সীমানাপ্রাচীর টপকে ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রীসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাড়ির মালিক মো: ফিরোজুর রহমান মুকুল (৫৫) আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে,: মো: ফিরোজুর রহমান মুকুল পরিবারসহ ঢাকায় অবস্থান করছিলেন। বাড়ির পাশেই তার ছোট ভাইয়ের বসবাস। বুধবার দিবাগত গভীর রাতে তার ছোট ভাই ঘুম থেকে উঠে বড় ভাইয়ের বাড়ির গেট ও ঘরের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে তিনি ফোনে মো:ফিরোজুর রহমান মুকুলকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি দ্রুত ঢাকা থেকে বাড়িতে এসে চুরির বিষয়টি দেখতে পান।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে, সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ৪,৮৬,০০০টাকা, ১৯টি ঘড়ি ও একটি রাউটারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। ভুক্তভোগীর দাবি, এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩৮ লাখ টাকা।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমীন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি চুরির স্থান ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
মো:ফিরোজুর রহমান মুকুলের অভিযোগ, তিনি ও তার পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থানের সুযোগে চোরের দল বাড়ির গেট ও ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এসব মালামাল নিয়ে যায়।
আলফাডাঙ্গা থানার ওসি আল-আমীন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




















