মাংস-মিষ্টি এক ফ্রিজে, রেস্টুরেন্টে ৩ লাখ জরিমানা
- আপডেট সময় : ০৪:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১৩২ বার পঠিত

চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জামাল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান চলাকালে গুণবতী বাজারের “হাসু সুইটস ও রেস্টুরেন্ট”-এর রান্নাঘর ও ফ্রিজ পরিদর্শন করা হলে ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। ফ্রিজে রক্তমাখা গরুর কাঁচা মাংস,গরুর পায়া, মুরগির গিলা-কলিজা, রান্না করা গরুর মাংস, দীর্ঘদিন সংরক্ষিত ব্লেন্ডার আদা, দুধের স্বর ও মিষ্টি একসঙ্গে রাখা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে ছিল—গরুর পায়া ২ কেজি ৮০০ গ্রাম, গরুর মাংস ৩ কেজি, মুরগির গিলা-কলিজা ৮০০ গ্রাম, মিষ্টি ৪৯ কেজি ও দুধের স্বর। এর মধ্যে কাঁচা মাংস স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। মিষ্টি ও দুধের স্বর স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় ধ্বংস করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের মাধ্যমে ভোক্তাদের স্বাস্থ্য ও জীবনহানির ঝুঁকি তৈরি করার অপরাধে উক্ত রেস্টুরেন্টের দুইজন মালিককে পৃথকভাবে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।
এছাড়া বাজারের আরও পাঁচটি মুদি দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এবং একটি দোকানে চাল পাটজাত মোড়ক ছাড়া কৃত্রিম মোড়কে বিক্রয়ের অপরাধে মোট ৬টি মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সব মিলিয়ে ৭টি মামলায় মোট ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উক্ত অভিযানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মীর হোসেন, গুণবতী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, ব্যবসায়ী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।




















