মিথ্যা সংবাদ ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে উত্তর পারুলিয়ায় মানববন্ধন
- আপডেট সময় : ০৯:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ১৭৪ বার পঠিত

দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া চারাবটতলা গ্রামে মিথ্যা সংবাদ প্রকাশ ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টায় উত্তর পারুলিয়া মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, গ্রামের তারেক মনোয়ার, ইমরান হোসেন শিমুল, কথিত সাংবাদিক মোজাহিদ ও তরিকুল ইসলাম পরিকল্পিতভাবে বিএনপি নেতা আয়ুব হোসেন, ছাত্রদল নেতা ওয়েদসহ সাধারণ মানুষদের হয়রানি করতে ৯ ও ১০ জুলাই বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে ও থানায় মিথ্যা মামলা দায়ের করে।
মানববন্ধনে বক্তব্য দেন আব্দুল মান্নান, বেলাল হোসেন, রিজিয়া বেগম, লাভবী খাতুন, তাসলিমা খাতুনসহ অনেকে। তারা বলেন, ষড়যন্ত্রকারীরা বিভিন্ন সময়ে মিথ্যা অভিযোগ, নারী নিয়ে প্রতারণা ও আর্থিক অনিয়মে জড়িত। একজন এতিম ছেলের কাছ থেকে জমি দেওয়ার নাম করে ৪ লাখ ৫০ হাজার টাকা নেয়ার পর প্রতারণা করে জমি দলিলও করে দেয়নি। উপজেলা নির্বাহী অফিসারের আদেশ থাকা সত্ত্বেও তা অমান্য করা হচ্ছে।
বক্তারা দাবী করেন, কথিত সাংবাদিকদের টাকা খেয়ে ভিত্তিহীন প্রতিবেদন ও থানায় দায়েরকৃত মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত ছাড়া কোনো নির্দোষ ব্যক্তিকে যেন হয়রানি না করা হয়। অন্যথায় এলাকাবাসী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বিএনপি নেতা আয়ুব হোসেন বলেন, রাজনৈতিকভাবে হেয় করতেই এ ষড়যন্ত্র। আমি এলাকায় ফিরে সৎভাবে ব্যবসা করছি—এটাই একটি মহল সহ্য করতে পারছে না। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
























