গোয়ালন্দ পৌরসভায় ৮ কোটি ৬৯ লক্ষ টাকার কাজের উদ্বোধন
- আপডেট সময় : ১২:০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ৩০১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় LGED এর অধীনে (IUGIP) এর আওতায় প্রকল্পভুক্ত ৮ কোটি ৬৯ লক্ষ ৩০ হাজার টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারী) বেলা ১১টায় ৪নম্বর ওয়ার্ডের পৌর ঈদগাহ ময়দান চত্বরে এক আলোচনা সভার মাধ্যমে প্রকল্প কাজের শুভ উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল।
এসময় গোয়ালন্দ পৌরসভার প্রকৌশলী মো. ফেরদৌস আলম খান, পৌর সচিব মো. রুহুল আমিন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আয়ুব আলি সরদার, সাবেক অধ্যক্ষ কে মোহিত হীরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম খান, পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, নাসির উদ্দিন রনি, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলাউদ্দিন মোল্লা, বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়াসহ পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, LGED এর অধীনে (IUGIP) এর আওতায় প্রকল্পভুক্ত ৮ কোটি ৬৯ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে পৌর শহরের নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নে বিভিন্ন স্থানে সোলার স্ট্রিট লাইট, ড্রেন, সড়কের নির্মাণ কাজসহ বিভিন্ন উন্নয়ন করা হবে।
তিনি আরও বলেন, আপনাদের সহযোগিতায় এই গোয়ালন্দ পৌর শহরকে একটি মডেল শহর করতে চাই সেজন্য আপনাদের সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রয়োজন। আপনাদের সকলের সহযোগিতায় গোয়ালন্দ পৌরসভায় এরকম একের পর এক উন্নয়ন দৃশ্যমান হবে ইনশাআল্লাহ।
গোয়ালন্দ পৌরসভার বাস্তবায়নে ও এডিবি ব্যাংকের অর্থায়নে প্রকল্পের কাজটি বাস্তবায়ন করবে মেসার্স গ্রিন কনস্ট্রাকশন ও আজম কনস্ট্রাকশন লিমিটেড।


















