রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৪১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ২০৫ বার পঠিত

রাজবাড়ীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (বিকাল) জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ আয়োজন সম্পন্ন হয়।
ফাইনাল খেলায় বালক বিভাগে পাংশা উপজেলার কসবামাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে গোয়ালন্দ উপজেলার নলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে বালিকা বিভাগে রাজবাড়ী সদর উপজেলার কিশোলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে কালুখালী উপজেলার আফসার উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।
জেলার পাঁচটি উপজেলার মোট ৪৮১টি প্রাথমিক বিদ্যালয়ের ৯৬২টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে, যা আয়োজনটিকে প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক করে তোলে।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মো. তারিফ উল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল হক সামস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি আঞ্জুমান আরা এবং জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো সম্ভব। এ ধরনের আয়োজন শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















