রাজবাড়ীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ
- আপডেট সময় : ১০:১৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৭৪ বার পঠিত

রাজবাড়ীতে গণভোটের রায় অমান্য ও জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব, পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখা ও ১১ দলীয় জোট।
শনিবার (বিকাল সাড়ে ৫টা) ১১ দলীয় ঐক্যজোট রাজবাড়ী শাখার উদ্যোগে শহরের আজাদী ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের পান্নাচত্বর, ১ নম্বর রেলগেটসহ প্রধান বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আজাদী ময়দানে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সেক্রেটারি মো. আলীমুজ্জামান, খেলাফত মজলিশের সভাপতি মাওলানা মো. মনোয়ার হোসেন, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু তাহের প্রমুখ। এসময় জেলার পাঁচ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গণভোটের রায় অমান্য করে জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে, যা দেশের জনগণ মেনে নেবে না। তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।
সমাবেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।




















