রাজবাড়ীতে জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ
- আপডেট সময় : ১২:৩২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১০৬ বার পঠিত

জুলাই গণহত্যার বিচার এবং জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে জেলা জামায়াতের রাজবাড়ী সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি রাজবাড়ী মডেল মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নুরুর ইসলাম, নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারি আলীমুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মো. সৈয়দ আহম্মদ খান এবং সদর উপজেলা আমির অধ্যাপক হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের আগে সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই-আগস্টে নিহতদের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় আসার পর তা বাস্তবায়নে গড়িমসি করছে। তারা অবিলম্বে জুলাই গণহত্যার বিচার, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা আরও বলেন, “জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নে আর কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়। সরকার যদি গড়িমসি অব্যাহত রাখে, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে সরকারকে এসব দাবি বাস্তবায়নে বাধ্য করবে।”
কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।




















