মামলা না তুললে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি, গোয়ালন্দে বাড়িতে হামলা
- আপডেট সময় : ০১:০০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৬৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে গভীর রাতে একটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তিনজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে গোয়ালন্দঘাট থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন উপজেলার উজানচর ইউনিয়নের পশ্চিম উজানচর ২ নম্বর ওয়ার্ডের রমজান মাতুব্বর পাড়ার বাসিন্দা মৃত আব্দুল খালেক শেখের ছেলে মো. রাজিব শেখ (৩৩)।
অভিযোগে অভিযুক্তরা হলেন—রমজান মাতুব্বর পাড়ার মৃত মোজা মোল্লার ছেলে সরোয়ার মোল্লা ওরফে সরো মোল্লা (৫৫), তার ছেলে নাসিম মোল্লা (২৮) এবং মৃত আসগর আলী সরদারের ছেলে আলম সরদার (৫৫)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে রাজিব শেখদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। এরই মধ্যে সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি দলবদ্ধ হয়ে তাদের বাড়িতে প্রবেশ করে।
এ সময় বাড়ির চারটি ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। পরে ঘরগুলোর টিনের বেড়া কেটে ও কুপিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
রাজিব শেখের অভিযোগ, হামলাকারীরা উচ্চস্বরে হুমকি দিয়ে বলে—সরোয়ার মোল্লা ও নাসিম মোল্লার বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে না নিলে ভবিষ্যতে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। একই সঙ্গে বিরোধপূর্ণ জমিতে না যাওয়ার জন্যও তাকে ভয়ভীতি দেখানো হয়।
চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় হামলাকারীদের কাউকে শনাক্ত করতে পারেননি বলে জানান রাজিব। তবে তার ধারণা, অভিযুক্তদের নির্দেশেই এ হামলা চালানো হয়েছে।
ঘটনার পর স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) ননী গোপাল সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















