মধুখালীতে জমকালো নৌকা-বাইচ ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩০ বার পঠিত

“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার কামারখালী ব্রিজ সংলগ্ন গড়াই নদীতে জমকালো এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও পাশেই কামারখালী বাজারে মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ ও কনসার্ট ঘিরে নদীর দুই পাড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজক কমিটির প্রধান মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, দীর্ঘদিন পর মধুখালীতে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হবে মাদকবিরোধী কনসার্ট। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধিই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আজকের অনুষ্ঠান ঘিরে নদীর দুইপাড়ে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
নৌকা-বাইচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পথিক দত্ত, উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলী মানিক, কামারখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, মধুখালি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান সরদার প্রমুখসহ যুবদল ছাত্রদল এসময় নৌকা বাইচ দেখার জন্য নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা যায়।














