ভূঞাপুরে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৭:০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৩১৭ বার পঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে সংঘটিত ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির মালামালের একটি অংশও উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি রাতে ভূঞাপুর উপজেলার বাগবাড়ি গ্রামের মো. দুলাল মেম্বারের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়।
তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ ১ লাখ টাকা, ১ ভরি স্বর্ণের চেইন, ৮ ভরি রুপাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। পরদিন (১৯ জানুয়ারি) ভুক্তভোগী দুলাল ভূঞাপুর থানায় ডাকাতির মামলা দায়ের করেন।
এ ঘটনায় মামলার তদন্তে নামে পুলিশের তদন্তকারী দল। ভূঞাপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকার টঙ্গী পশ্চিম থানার একটি ভাড়াবাসা থেকে প্রথমে ইসমাইল হোসেন ওরফে নানু (৩৩) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে।
তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাসুদেবতোল গ্রামের আতিক হোসেন (২৫) কে আটক করা হয়। এ সময় আতিকের বাড়ির মেঝে খুঁড়ে ডাকাতির ৮ ভরি রুপা ও ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। একই রাতে পুলিশ বাসুদেবতোল গ্রামের ইমান আলী (৩০) ও খাস বড়য়া গ্রামের মো. আরিফুল ইসলাম (২২) কেও গ্রেফতার করে। মামলার বাদী মো. দুলাল মেম্বার বলেন, “আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়। তবে গ্রামের পারভেজ ও মনির নামে কয়েকজন আমাকে মামলা প্রত্যাহারে হুমকি দিচ্ছে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।” ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, গ্রেফতারকৃত চার আসামি টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে এবং তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।




















