ভাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু, মাকে বাঁচাতে গিয়েও আহত!
- আপডেট সময় : ০১:০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ২৪৮ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে বিদ্যুতায়িত হয়ে লাবিব মল্লিক (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে সৌদি প্রবাসী সাজ্জাদ মল্লিকের পুত্র এবং কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী।
শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া পল্লী বিদ্যুতের আর্থিং তার ছিড়ে মাটিতে পড়ে ছিল। মূল তারে লিকেজ থাকায় সেই বিচ্ছিন্ন তার বিদ্যুতায়িত হয়ে যায়। খেলার ছলে বাগানে ঘোরার সময় অসাবধানতাবশত সেই তারে জড়িয়ে পড়ে লাবিব।
তার চিৎকার শুনে মা লাবনী বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে প্রতিবেশীরা এসে মা-ছেলেকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাবিবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লাবনী বেগম চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার জানায়, একমাত্র ছেলের মৃত্যুর খবরে প্রবাসী বাবা সাজ্জাদ মল্লিক দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। নিহত লাবিবের আরও দুই বোন রয়েছে—আফিয়া (৮) ও খাদিজা (৪)।
স্থানীয়রা অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলাই এই দুর্ঘটনার জন্য দায়ী। তদন্ত ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।




















