ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির আটক, জেল হাজতে প্রেরণ
- আপডেট সময় : ০৫:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১৩৮ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছিরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে ঢাকার একটি মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় ডিবি পরিচয়ে ৭-৮ জন ব্যক্তি তাকে আটক করে। পরে রাতেই নাছিরকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।
শনিবার সকালে তাকে ফরিদপুর আদালতে তোলা হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক নাজনীন আক্তার জানান, ২০২৪ সালের ১০ অক্টোবর বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে। মামলার প্রধান আসামি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মামলার জি আর নং- ৬০৭/২৪।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নাছিরকে একটি গাড়ির ভেতর বসিয়ে মারধর করা হচ্ছে। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে।
উল্লেখ্য, গোলাম মোঃ নাছিরের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগসহ ফরিদপুর কোতোয়ালি থানায় গত ৫ আগস্ট পরবর্তী একাধিক মামলা রয়েছে। ওই ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।




















