ফরিদপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : ০৯:৫৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ১৪৯ বার পঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ আদনান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন।
সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ আদনান হাদি ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি কোনো ব্যক্তির ওপর হামলা নয়; বরং দেশের গণতন্ত্র ও পুরো জাতির ওপর আঘাত।”
তিনি আরোও বলেন,”তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সব অগণতান্ত্রিক শক্তির অবসান ঘটবে। আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই একই সাথে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।”
অন্যান্য বক্তারা বলেন, ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি কুচক্রী মহল সহিংসতা ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলা সেই ষড়যন্ত্রেরই অংশ। তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




















