ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘শিক্ষা বিষয়ক সেল’ এর পরিচিতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৪২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৮৩ বার পঠিত

ফরিদপুরে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘শিক্ষা বিষয়ক সেল’ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৩ জানুয়ারি ২০২৬) শহরের এনজিও ফোরামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে কাজী রিয়াজ বলেন,“শিক্ষা হল জাতির ভবিষ্যতের ভিত্তি। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী যেন শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়। ‘শিক্ষা বিষয়ক সেল’ সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে।”
ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব আনিসুর রহমান সজল বলেন,“আমাদের উদ্দেশ্য শুধু শিক্ষার মান বৃদ্ধি নয়, বরং শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা। আমরা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে একটি প্রগতিশীল শিক্ষা পরিবেশ গড়ে তুলব।”
মুখপাত্র কাজী জেবা তাহসিন বলেন,“আমরা চাই যে, সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য ন্যায্য সুযোগ এবং সমতা নিশ্চিত হোক। কম্পিউটার ও আইসিটি ল্যাব, কারিগরি শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম ও মাদকমুক্ত ক্যাম্পাস বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীরা উন্নত মানের শিক্ষা পাবে।”
সভায় বক্তারা ফরিদপুরে শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: জেলা ও সরকারি বিদ্যালয়ে বিদ্যমান কম্পিউটার ও আইসিটি ল্যাব কার্যকর করা,কারিগরি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করা,সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারি পদ্ধতি বাতিল করা,প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করা,মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা প্রভৃতি।
সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
‘শিক্ষা বিষয়ক সেল’ এর পরিচিতি সভা সাংবাদিকদের কাছে শিক্ষার ক্ষেত্রে ন্যায় এবং সমতার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়।




















