ফরিদপুরে ইসকনের উদ্যোগে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৭৪ বার পঠিত

ফরিদপুরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের ইসকন মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইসকন ফরিদপুরের কর্মকর্তাবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবে। তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি জেলার বিভিন্ন মন্দিরের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাসের কথা তুলে ধরেন।
পরে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা শহরের গৌর-গোপাল আঙিনা থেকে শুরু হয়ে ব্রাহ্মণকান্দাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসকন মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। রথযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন। কীর্তন, ধর্মীয় সংগীত ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা সম্পন্ন হয়।




















