প্রেমে ব্যর্থ হয়ে নারী পোশাক শ্রমিকের আত্মহত্যা
- আপডেট সময় : ০৯:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ২০০ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে একটি পোশাক কারখানার ভিতর থেকে এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অবস্থিত স্নোটেক্স পোশাক কারখানার ২য় ভবনের ছাদ থেকে পরে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে ওই নারী শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেছেন, নিহত পোশাক শ্রমিকের সাথে কারখানার ভিতরের এক অফিসারের প্রেমের সম্পর্ক ছিল। তার সাথে অন্যায় কিছু হয়েছে বিধায় তিনি ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছেন। ঘটনার সত্যতা ও তথ্য জানার জন্য স্থানীয় সাংবাদিকরা কারখানার ভিতরে প্রবেশ করতে চাইলে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয়নি স্নোটেক্স কর্তৃপক্ষ।
নিহত শিলা আক্তার বৃষ্টি (২২) রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকার বাচ্চু শেখের মেয়ে। তিনি ধামরাই পৌর এলাকায় ভাড়া থেকে স্নোটেক্স পোশাক কারখানার ২য় ভবনের ৬ষ্ঠ তালায় অপারেটর হিসেবে কাজ করতেন।
জানা যায়, শিলার সাথে স্নোটেক্স কারখানার এক অফিসারের সাথে প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে। প্রেমের সম্পর্কের কারনে ওই অফিসারের সাথে তার শারীরিক সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে শিলা তার প্রেমিককে বিয়ে করার কথা বললে তিনি বিয়ে করতে অস্বীকার করে। এ নিয়ে শিলা গত কয়েকদিন ধরে মানুষিক ভাবে ভেঙে পড়েন। সকাল ৬টার দিকে শিলা আক্তার বৃষ্টি স্নোটেক্স পোশাক কারখানায় আসেন। দুপুরের দিকে তিনি ছাদে উঠে যান। পরে ছাদ থেকে নিচে পরে যান শিলা আক্তার। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ দায় এড়াতে শিলাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শ্রমিক বলেন, পোশাক শ্রমিক শিলার সাথে কারখানার এক অফিসারের প্রেমের সম্পর্ক ছিল। তাকে বিয়ে না করার কারনে আত্মহত্যা করেছেন।
তারা আরও বলেন, ওই কারখানায় মাঝে মধ্যে শ্রমিকরা যৌন হয়রানির শিকার হয়। এর বিচার কোন শ্রমিক না পাওয়ায় মাঝে মধ্যে শ্রমিকরা আত্মহত্যা করেন।
স্নোটেক্স পোশাক কারখানার এডি (অপারেশন) জয়দুল হোসাইন বলেন, ধামরাই থানার ওসি আসছেন তারা বিষয়টি তদন্ত করছেন। আমাদের কারখানায় সিসিটিভির ফুটেজ দেখে বোঝা যাচ্ছে মেয়েটি ইচ্ছাকৃতভাবেই ছাদ থেকে পরে আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভির ফুটেজ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেয়েটি তার নিজের ইচ্ছেতেই ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তার প্রেমের সম্পর্ক ছিলো। সেই সম্পর্কের অবনতির কারণেই সে এই কাজ করেছে। এঘটনায় তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আরো বিস্তারিত বলা যাবে।




















