নজরুল প্রতিযোগিতায় রফিকুলের জয়জয়কার
- আপডেট সময় : ০৫:০৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩৯ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’-এর উপজেলা পর্যায়ে একসঙ্গে তিনটি বিষয়ে সাফল্য অর্জন করেছে প্রথম শ্রেণির শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম ভূঁইয়া। একক অভিনয়ে প্রথম, চিত্রাঙ্কনে দ্বিতীয় এবং নজরুলসংগীতে তৃতীয় স্থান অর্জন করে সে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
রফিকুল ইসলাম আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সে আলফাডাঙ্গা বাজারের হাসপাতাল গেটসংলগ্ন ভুঁইয়া ফার্মেসির স্বত্বাধিকারী মো. রাজিব ভুঁইয়ার বড় ছেলে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ থেকে ২৩ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে বিভিন্ন বিষয়ে উপজেলার শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
‘চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল’—জাতীয় কবির কালজয়ী এই পঙ্ক্তিকে ধারণ করে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। পাশাপাশি নজরুলের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী দর্শনের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের মধ্যে দেশপ্রেম, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করাও ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
রফিকুলের এমন সাফল্যে তার পরিবার, শিক্ষক ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। জেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও ভালো ফলের প্রত্যাশা করছে তার পরিবার। একই সঙ্গে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।



















