দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, থানায় এজাহার
- আপডেট সময় : ১২:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৫৫ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে বেপরোয়া গতির মোটর সাইকেলের ধাক্কায় উয়াদ আলী (৭৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে দৌলতপুর থানায় এজাহার দায়ের করেছেন নিহতের ছেলে মো. কাজেম আলী।
এজাহার সূত্রে জানা যায়, নিহত উয়াদ আলী রিফাইতপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের বাসিন্দা। বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনি নিজ বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অভিযুক্তদের একজন মো. মোর্সালিম মোটরসাইকেলটি দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় উয়াদ আলীকে ধাক্কা দেন। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত উদায় আলীকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় মোটরসাইকেলে থাকা অন্যান্য ব্যক্তিরাও ঘটনাস্থল থেকে দ্রুত চলে যান। পরে স্থানীয় লোকজন বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি হেফাজতে নেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে মো. কাজেম আলী বাদী হয়ে মো. মোর্সালিম(১৯), হোসাইন আহমেদ জীবন (১৯), মো. রাব্বি আলী (১৯) ও মো. আল আমিন (১৯)-এর বিরুদ্ধে দৌলতপুর থানায় এজাহার দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
নিহতের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।




















