দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ১২:৪৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৬৮ বার পঠিত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আমরা ১৮ বছর অনেক আন্দোলন-সংগ্রামের পর গণতন্ত্র ফিরে পেয়েছি। এই গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর কখনো ফেরত আসতে দেওয়া যাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় বিএনপির আয়োজনে সালথা উপজেলা সদরে ফরিদপুর(বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, উন্নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সরকারের পক্ষেই সম্ভব। উন্নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষেই সম্ভব। আমাদের দুর্ভাগ্য ছিল, গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার এখানে ছিল। কোনো ধর্মের বা দলের মানুষই ভালো থাকতে পারেনি। এখন আমাদের সুযোগ এসেছে উন্নয়ন করার।
তিনি বলেন, আপনাদের ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের জন্য প্রত্যেকটি ইউনিয়নে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। এখানে উন্নত মানের মাদ্রাসা হবে। ছোট ছোট ছেলেমেয়েরা যাতে উন্নত মানের শিক্ষা পায়, সে ব্যবস্থা করা হবে।
এ সময় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
উপস্থিত বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী পাঁচ বছর আল্লাহতায়ালা যদি সহায় হন, তাহলে সকল মানুষের ভাগ্য উন্নয়ন করাই হবে আমাদের একমাত্র লক্ষ্য।
ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে এবং সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, নগরকান্দা যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, বিএনপি নেতা মুরাদুর রহমান মুরাদ, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন ও কামরুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




















