জামায়াতের মানবিক কর্মসূচি প্রশংসিত,সহায়তা পেল তিন পরিবার
- আপডেট সময় : ০৪:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১৯৮ বার পঠিত

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামী। দলটির যুব বিভাগের উদ্যোগে অভিভাবকহীন ও আর্থিক সংকটে থাকা তিনটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। সহায়তার অংশ হিসেবে দুটি পরিবারকে সেলাই মেশিন এবং একটি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
রবিবার বিকেলে উপজেলার বসন্তপুর গ্রামে আয়োজিত এক হৃদয়ছোঁয়া অনুষ্ঠানে এসব সহায়তা তুলে দেন জামায়াত নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদ, সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীম,যুব বিভাগের সেক্রেটারি ইসরাফিল হোসেন, যুব সংগঠক ইফতেখার উদ্দিন মেশকাত, ৯নং ওয়ার্ড জামায়াত সভাপতি মাষ্টার জাহাঙ্গীর হোসেন, স্থানীয় বিশিষ্ট নেতা মাস্টার আইউব আহমেদ, শরীফ মোহাম্মদ ইয়াকুব ও জাকির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাফর আহমেদ বলেন,“জামায়াতে ইসলামীর আদর্শ শুধু রাজনীতি নয়,এটি একটি মানবকল্যাণমুখী আন্দোলন। সমাজের অবহেলিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের অন্যতম উদ্দেশ্য। আমাদের এই মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ।”
ইউনিয়ন সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীম বলেন,“সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা এ সহায়তা দিচ্ছি। একটি সেলাই মেশিন একজন নারীর ঘরে বসেই স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা তৈরি করে। আমরা চাই, তারা যেন দয়ার পাত্র না হয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে।”
যুব বিভাগের সেক্রেটারি ইসরাফিল হোসেন জানান, ভবিষ্যতেও ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
এই সহায়তা কর্মসূচিকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মাঝে প্রশংসার ঢল নামে। তারা বলেন, রাজনৈতিক দলগুলো যদি এভাবে সমাজের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়, তবে দেশ আরও মানবিক হয়ে উঠবে।




















