চৌদ্দগ্রামে গাড়িচাপায় মোটরসাইকেল চালক নিহত
- আপডেট সময় : ০৯:০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ৩৩৪ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়িচাপায় সৈকত হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (১৬ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার যাদবপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। রবিবার সন্ধ্যায় মিয়ারবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এস এম লোকমান হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এস এম লোকমান হোসেন জানান, সৈকত মোটরসাইকেল চালিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে মহাসড়কের জগন্নাদীঘি এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান।
তিনি আরও জানান অজ্ঞাত গাড়িটিকে পুলিশ শনাক্তের চেষ্টা চলছে। দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।




















