গোয়ালন্দ নাজির উদ্দিন স্কুলের ৮০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৪৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৮৭ বার পঠিত

রাজবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৮০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টায় গোয়ালন্দ শহরের রোকন উদ্দিন প্লাজার তৃতীয় তলায় গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে ৮০ বছর পূর্তি উদযাপন কমিটি।
সভায় সভাপতিত্ব করেন ১৯৮২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, উদযাপন কমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক অধ্যাপক ফকির মো. নুরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্যসচিব মো. আশরাফুল আলম।
আসন্ন ২৫ ডিসেম্বর ৮০ বছর পূর্তি অনুষ্ঠান সফলভাবে আয়োজনে করণীয় নির্ধারণ এবং প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা সভায় বক্তব্য রাখেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. আব্দুল কাদের, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মোল্লা, ব্যবসায়ী মজিবর রহমান ও হামিদুল হক বাবলু, মেজর (অব.) ফারুকুজ্জামান ফকির, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, জাতীয় যাদুঘরের প্রশাসনিক কর্মকর্তা জহুরুল ইসলাম লাভলু, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সিরাজুল ইসলাম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, আমেরিকা প্রবাসী সোহানুর রহমান সোহান, অ্যাডভোকেট আরাফাত হোসেন, শিক্ষক আবুল কাশেম, সাংবাদিক আবুল হোসেন, শামীম শেখ, সহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।




















