গোয়ালন্দে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:২৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৮৯ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গোয়ালন্দ উপজেলার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মনজুর মোরশেদ, বিপিএম (সেবা)।
কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী আইন ও বিধিমালা, দায়িত্ব ও করণীয় বিষয়সমূহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
এছাড়াও ভোট কেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট পেপার ও ইভিএম ব্যবহারের নিয়ম, আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাঁদের দায়িত্ব পালনে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।




















