গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত কামরুল আটক
- আপডেট সময় : ০৯:১৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৬৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম হীরা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত কামরুলকে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া গ্রামের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম হীরা গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জাবেদ শেখের ছেলে। তিনি তোরাই মোড়ের কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তোরাই মোড় এলাকায় শরিফুল ইসলাম হীরার সঙ্গে কামরুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কামরুল চাকু দিয়ে হীরার বুকের মাঝখানে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের স্ত্রী মুক্তা বেগমসহ স্বজনদের কান্নায় ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। ভিডিও ফুটেজে মুক্তা বেগমকে স্বামীর মৃত্যুর ঘটনা বর্ণনা করতে দেখা যায়।
এ ঘটনায় অভিযুক্ত কামরুলকে আটক করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।




















