ক্ষমতার দাপটে মহাসড়ক বিক্রি করা সেই হকার্স লীগ নেতা আটক
- আপডেট সময় : ০২:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ১৫৬ বার পঠিত

সাভার উপজেলা আওয়ামী হকার্স লীগের সাধারণ সম্পাদক ও সম্মিলিত হকার্স সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল কাদের মোল্লাকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
সাভার পৌরসভার সরণিকা এলাকা থেকে গতকাল (১২ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ।
এ বিষয়ে আব্দুর রাশিদ বলেন, ‘সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার পূর্ব পাশে ফুটপাতে দোকান থেকে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে কাদির মোল্লাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।’
যোগাযোগ করা হলে সম্মিলিত হকার্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. লিটন খান বলেন, ‘কাদির মোল্লা সাভার উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী হকার্সলীগের সাধারণ সম্পাদক। তিনি সম্মিলিত হকার্স সমবায় সমিতির সভাপতি পদেও আছেন। তার বিরুদ্ধে সড়ক ও জনপথের জমি বরাদ্দের আশ্বাস দিয়ে টাকা আদায়ের অভিযোগ ওঠায় গতকাল সমিতির পক্ষ থেকে আমরা জরুরি সভা আহ্বান করি। সভায় তাকে সমিতির সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়।’
উল্লেখ্য, ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ওপর দোকান গড়ে তা স্ট্যাম্পে লিখে দানপত্র করে প্রতারণার মাধ্যমে মহাসড়কের দোকানের মালিকানা হস্তান্তর করেছিলেন মোঃ আব্দুল কাদের মোল্লা। স্ট্যাম্পে দান পত্র লিখলেও মোটা অংকের টাকার বিনিময়ে তা বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রতারণার শিকার একাধিক ভুক্তভোগী। শুধু বিক্রি করেই ক্ষান্ত হননি তিনি। নিতেন দৈনিক ভাড়া ও মাসিক হারে চাঁদাও। আবার ছয় মাস পর পর তা রিনিউ করতে হত, না হলে পুরাতন ব্যাক্তিকে উঠিয়ে নতুন কাউকে বসাতেন এই হকার্স লীগ নেতা। এ বিষয়ক একাধিক অভিযোগ পাওয়ার পর অবশেষে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।




















