আশুলিয়ায় লরি চাপায় নি-হ-ত ৩,আহত ১
- আপডেট সময় : ০১:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ১১০ বার পঠিত

আশুলিয়ার বাইপাইলে লরির চাপার ঘটনায় শিশুসহ তিনজন নিহত । এঘটনায় আরও ১ জন আহত অবস্থায় চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।
রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে নবীনগর চন্দ্রা-মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। তবে কিছুক্ষণ পরেই তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
নিহতরা হলেন- রিকশার যাত্রী ব্যবসায়ী আলতাফ হোসেন (৫০), নুরজাহান (২৪) ও তার ৪ বছরের শিশু সন্তান আব্দুল্লাহ। এদের মধ্যে ঘটনাস্থলেই আলতাফ নিহত হন। নুরজাহান, তার ছেলে আব্দুল্লাহসহ রিকশা চালককে উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নুরজাহান ও আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
সিসি টিভি ফুটেজে দেখা যায়, বাইপাইলের দিকে থেকে একটি অটোরিকশা উল্টো পথে ইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সামনের দিকে থেকে একটি লরি আসলে , রিকশাটি রাস্তার সাইটের দিকে পানি থাকায় রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার চেস্টা করে। এ সময় গর্তে পরে গেলে লরির পিছনের চাকার নিচে পরে যায়।
হাইওয়ে পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকা দিয়ে একটি অটোরিকশা উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিলো। এসময় সড়কের গর্তে পড়ে একটি অটোরিকশা উল্টে লরির পিছনের চাকার নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই ব্যবসায়ী আলতাফ হোসেন (৫০) নিহত হন ।
রিকশাচালক ও শিশুসহ তিনজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্থানীয়রা৷ এদের মধ্যে নুরজাহান,শিশু আব্দুল্লাহকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
ঘটনাস্থলের পাশের দোকানদার মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, ‘আমি ঘটনার সময় দোকানে ছিলাম। চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি রিকাশা উল্টে গেছে। এ সময় ঘটনাস্থলে একজন মারা যায়। বাকিদের হাসপাতালে নেয়া হয়েছে।’
প্রত্যক্ষদর্শী লিটন আহমেদ বলেন, আমি রাস্তা পার হয়ে ওইপার থেকে এপারে আসতে ছিলাম। আমার সামনেই রিকশাটি গর্তে পড়ে উল্টে যায়। এ সময় একটি বড় লরির পিছনের চাকার নিচে পড়ে যায়। এতে করে একজন ঘটনাস্থলে মারা যায়। বাকি ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনজনের মধ্যে একজন শিশু ও একজন নারী ছিল।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সালেহ আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ জন। ঘটনার পরপরই সড়ক অবরোধের চেষ্টা করে এলাকাবাসী। তবে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।লরির ড্রাইভার পলাতক রয়েছে,লরিটি আটক করা হয়ছে।




















