আলফাডাঙ্গায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- আপডেট সময় : ০৩:২৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৩২১ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গতকাল (মঙ্গলবার, ২৯ জুলাই) এক আড়ম্বরপূর্ণ পরিবেশে গুণগত শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
সকাল ১০টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম।
সহকারী শিক্ষক মিলন কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোজাম্মেল হক।
প্রধান অতিথির বক্তব্যে রাসেল ইকবাল শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন। তিনি বলেন, “প্রতিটি ‘মা’ তার সন্তানের প্রথম শিক্ষক। আমাদের শিক্ষার প্রসার ঘটলেও গুণগত শিক্ষায় আমরা কিছুটা পিছিয়ে আছি। এই ঘাটতি পূরণে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।” তিনি মায়েদের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়ে বলেন যে একমাত্র মায়েরাই পারেন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে এবং তাদের বিদ্যালয়ের পড়াশোনা ও দৈনন্দিন রুটিনের প্রতি খেয়াল রাখতে।
অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের পক্ষে তাসনিম ইসলাম ও দিব্য রায় বক্তব্য রাখেন। অভিভাবকদের মধ্যে মোহাম্মদ মেহেরুল ইসলাম ও চম্পা খানম তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। শিক্ষকদের পক্ষে মোছাম্মদ সাদিয়া সুলতানা এবং আবুল বাশার শেখও বক্তব্য রাখেন। বক্তারা বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।
সমাবেশের শুরুতে সম্প্রতি মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে। অভিভাবকরাও বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম এবং শিক্ষার মান নিয়ে গঠনমূলক মতামত ব্যক্ত করেন।




















