সদরপুরে ১৩টি এতিমখানার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ৩৩ লাখ ২৪ হাজার টাকার চেক বিতরণ
- আপডেট সময় : ০৪:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২২৩ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলায় ১৩টি এতিমখানার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ৩৩ লাখ ২৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করেন।
এ সময় ইউএনও জানান, সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যাপিটেশনভুক্ত এতিমখানাগুলোতে প্রতিটি এতিম শিশুর জন্য মাসে ২ হাজার টাকা হারে বার্ষিক ২৪ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়ে থাকে। তিনি এতিমখানার দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, প্রকৃত এতিম, অনাথ, দুস্থ ও অসহায় শিশুদের কল্যাণে যেন এই বরাদ্দ যথাযথভাবে ব্যয় করা হয়, তা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: মোফাজ্জেল হোসেন, বিভিন্ন এতিমখানার প্রধানগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।




















