শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
- আপডেট সময় : ০৮:১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ১৪৫ বার পঠিত

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির ইতিহাসের অন্যতম বেদনাবিধুর এই দিনে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে।
মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ঠিক আগে, স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও চিন্তাশক্তিকে ধ্বংস করতেই এই নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়। শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সাহিত্যিক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার খ্যাতিমান বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
বিজয়ের পর রাজধানীর রায়েরবাজার ও মিরপুর বধ্যভূমিসহ বিভিন্ন স্থানে চোখ বাঁধা ও ক্ষতবিক্ষত বুদ্ধিজীবীদের মরদেহ পাওয়া যায়, যা জাতিকে গভীর শোক ও ক্ষোভে স্তব্ধ করে দেয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আজ সকাল ৭টা ৬ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন।




















