রামেক হাসপাতালের চিকিৎসকের চার বছরের ছেলের রহস্যজনক লাশ উদ্ধার, দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ
- আপডেট সময় : ১২:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১০২ বার পঠিত
রাজশাহী নগরীর বেলপুকুর থানার আগলা উত্তরপাড়া গ্রামে ডা. শওকত শরীফের চার বছর বয়সী শিশু পুত্র আবরারের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে স্থানীয়রা একটি ঘাসক্ষেত থেকে আবরারের মরদেহ উদ্ধার করে। সে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. শওকত শরীফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলতে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল আবরার। সন্ধ্যার পর থেকে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৯টার দিকে বাড়ির পাশের একটি ঘাসক্ষেতে পড়ে থাকতে দেখা যায় তাকে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেলপুকুর থানার সেকেন্ড অফিসার এসআই মো. সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে গিয়ে তারা নিশ্চিত হন, শিশুটি মারা গেছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে শিশুটির মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বুধবার (১৬ জুলাই) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, ঘটনার তদন্তে চিকিৎসকের বাড়ির সামনে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজে দুই কিশোরীকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তবে এখনও কাউকে আটক করা হয়নি, তাদের সঙ্গে তাদের অভিভাবকরাও থানায় রয়েছেন।
পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।




















