রাজবাড়ীতে প্রযুক্তির অপব্যবহারজনিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৪৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৭৫ বার পঠিত

রাজবাড়ীতে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাজবাড়ী কনভেনশন সেন্টারে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আজমীর হোসেন, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অধ্যাপক মো. নুরুজ্জামান এবং বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী কালের কণ্ঠ ও একুশে টিভির জেলা প্রতিবেদক মো. জাহাঙ্গীর হোসেন।
কর্মশালায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, টিআইবি প্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষক, ব্যবসায়ী এবং সমাজের বিভিন্ন স্তরের সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে বিশেষ করে নারীদের বিরুদ্ধে নানা ধরনের সহিংসতা, হয়রানি ও অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এতে অনেক সময় নারীদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে এবং তাদের অপরাধের সঙ্গে জড়িত হিসেবে উপস্থাপন করা হচ্ছে। ফলস্বরূপ নারীর প্রতি সহিংসতা ও ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি তারা স্বাভাবিক জীবনযাপন ও উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে পিছিয়ে পড়ছেন।
এছাড়া শিক্ষার্থীদের মধ্যেও প্রযুক্তির অপব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে বলে উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, অনলাইন অপরাধ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন এবং জেলা পর্যায়ে বিশেষায়িত সাইবার সেল গঠনের দাবি জানান।
কর্মশালায় প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি, শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল নৈতিকতা শিক্ষা এবং ভুক্তভোগীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।




















