রাজবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধে সবুজ হত্যার বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ১০:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৮৫ বার পঠিত

রাজবাড়ীতে আবু তালেব আজাদ ওরফে সবুজ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজবাড়ী পৌর শহরের লক্ষীকোল গ্রামে নিহত সবুজের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নিহত আবু তালেব আজাদ ওরফে সবুজ একই গ্রামের বছির উদ্দিন বিশ্বাসের ছেলে।
সংবাদ সম্মেলনে নিহতের ভাই আবুল কালাম আজাদ অভিযোগ করেন, তাঁদের বাবা এক স্বজনের কাছে ৬ শতাংশ জমি বিক্রি করেছিলেন। প্রায় ছয় বছর আগে ওই জমি আব্দুস সামাদ পুনরায় কিনে নেন। এরপর থেকে জমির সীমানা নির্ধারণ নিয়ে সামাদের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল।
তিনি বলেন, গত ২৭ অক্টোবর বিরোধপূর্ণ জমিতে ইট দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন তাঁরা। এ সময় আব্দুস সামাদের ছেলে বাধা দেন। একপর্যায়ে সামাদের পরিবারের সদস্যরা সবুজের ওপর হামলা চালান। এতে সবুজ মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে দাবি করেন আবুল কালাম আজাদ।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় নিহত সবুজের বোন রোকেয়া বেগম, স্ত্রী শামসুন্নাহার বেগম, ছেলে শাফিন আহম্মেদসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় আবুল কালাম আজাদ বাদী হয়ে আব্দুস সামাদ সরদারকে প্রধান আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি অভিযোগ করেছেন।অভিযোগ আব্দুস সামাদ সরদারের স্ত্রী মর্জিনা বেগম লক্ষী (৪৫), ছেলে আলিফ মাহমুদ (২০), মেয়ে জান্নাতুল ফেরদৌস তুষ্ট (২৩), সাদিয়া (১৮) ও সিনহা খাতুন (১৯) কে আসামী করা হয়েছে।














